সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর(Vaibhav Sooryavanshi)।  ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে ভালো খেলতে না পারলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে ভালো খেলেছেন। এমনকি সিরিজের সেরাও হয়েছে। এরই সুবাদে   টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক ধাক্কায় ২৩০ ধাপ উঠেছেন বৈভব। 

একইসঙ্গে আরও একটি সুখবর পেলেন বৈভব। দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ অধিনায়ক হলেন। অধিনায়ক হয়েছেন ঈশান কিষাণ। ইডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সদর দফতরে দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দল বেছে নেওয়া হলো। দল নির্বাচনী বৈঠকের পর নির্বাচকরা কথা বলেন সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। উপস্থিত ছিলেন সিএবির সচিব তথা দল নির্বাচনী বৈঠকের আহ্বায়ক বাবলু কোলে, সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। নির্বাচকদের মধ্যে ছিলেন দিব্যেন্দু চক্রবর্তী (বাংলা), মণীশ বর্ধন (ঝাড়খণ্ড), প্রভঞ্জন মল্লিক (ওডিশা), অলোক সাহা (ত্রিপুরা) ও অনন্ত প্রকাশ (বিহার)। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন অসমের নির্বাচক সুমিত রঞ্জন দাস।

 


আপাতত ভারতের কিশোর ক্রিকেটার টি২০ ক্রম তালিকায় ৪৮ নম্বরে। বৈভবের রেটিং পয়েন্ট ৫৩৬। ভারতীয় ব্যাটারদের মধ্যে আট নম্বরে রয়েছে সে। আইসিসির ক্রমতালিকায় এক সিরিজের পর এতটা উত্থান অন্য কোনও ক্রিকেটারের হয়নি। সাধারণত, ধাপে ধাপে ক্রিকেটারেরা উপরে ওঠেন। কিন্তু বৈভব উল্কার গতিতে উঠছে। আগামী সিরিজগুলোয় রান পেলে আরও উপরে উঠার সুযোগ আছে বৈভবের।

এদিকে ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে ইশান কিষাণ এক নম্বর ব্যাটসম্যান হিসেবেই রয়েছেন। তিনি দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সাহেবজাদা ফারহানের (৮৪৮) চেয়ে যথেষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। তিলক ভার্মা (দুই ধাপ এগিয়ে ষষ্ঠ) এবং শ্রেয়স আইয়ারও (সাত ধাপ এগিয়ে ২৪তম) ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন।


আইসিসি ওডিআই ক্রম তালিকায় ব্যাটারদের মধ্যে ১ নম্বরে উঠে এসেছেন ভারত অধিনায়ক শুভমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১৮৮ রান করা এবং ড্যারিল মিচেলের চোটের কারণে গিল এই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন।