দলীপ ট্রফির ফাইনালে (Duleep Trophy Final) মুখোমুখি হয়েছে পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পূর্বাঞ্চল। প্রথম দিনের শেষে পূর্বাঞ্চল ৪ উইকেটে ৩৮৫ রান তুলেছে। ঝড় তুলেও বড় রান করতে পারলেন না বৈভব সূর্যবংশী, অন্যদিকে শতরান করলেন অধিনায়ক ঈশান কিষাণ।
ইস্টজোনের হয়ে ওপেনে একদিকে বৈভব(Vaibhav Sooryavanshi ), অন্যদিকে বাংলার অভিমন্যু ঈশ্বরণ। দু’জনের জুটিতে ১০০ রান উঠে। এর মধ্যে মহম্মদ সিরাজের বলে চার-ছক্কা হাঁকান বৈভব। মাত্র ৩৭ বলে ৪৪ রানে আউট হয়। ৫টি চারের পাশাপাশি ছিল ১টি ছক্কা। মেজাজ গরম করে আউট হলেন কিশোর ক্রিকেটার। প্রথম ঘণ্টার মধ্যেই ৪০ রানে পৌঁছে যান বৈভব। সিরাজের বলেও চালিয়ে খেললেন। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে বড় রান আসার সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সি ভি মিলিন্দের শর্ট বলের ফাঁদে পড়ে যান তিনি। পুল করতে গিয়ে বল আকাশে তুলে দেন বৈভব। ত্যাগরাজন সহজেই ক্যাচটি ধরে নেন। বৈভব কয়েকটা বলে বড় শট না খেলতেই তাঁকে উত্তেজিত করার জন্য তিলক ভর্মা বলে, ‘‘আরে এ কেমন সহ-অধিনায়ক।’’ স্টাম্প মাইক্রোফোনে শোনা গিয়েছে তিলকের মন্তব্য। জাতীয় দলের সিনিয়র সতীর্থের কটাক্ষে মনঃসংযোগ নষ্ট হয় বৈভবের।
অন্যদিকে অভিমন্যু চিরাচরিত ঢংয়ে ৮৬ বলে ৭২ রান করে সাজঘরে ফেরেন। বাংলার আরও এক ক্রিকেটার সুদীপ ঘরামি অবশ্য রান পেলেন না। প্রথম দিনের শেষে ১৩৫ বলে ১১১ রান করে অপরাজিত আছেন অধিনায়ক ঈশান । ব্যাট থেকে এসেছে ১৪টি চার ও একটি ছয়। দলীপ ফাইনালে শতরান করে কিন্তু কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরের উপর চাপ বাড়ালেন। দ্বিতীয় দিনে বড় রান করে প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোই লক্ষ্য থাকবে পূর্বাঞ্চলের।
















