ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিল তারা। ৯ উইকেটে বিশাল জয়। এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা নিলেন মেহিদি হাসান মিরাজ। ব্যাটে বলে দুরন্ত মেহিদি। বাংলাদেশের প্রথম ইনিংসে অর্ধশতরানের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট।  টাইগারদের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চাপ বাড়ল ভারতের।

 অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তোলে ১৯৮ রান। জবাবে ৪২৬ রানে অল আউট হয় বাংলাদেশ। ২২৮ রানের বিশাল লিড পায় পদ্মাপারের দেশ। দুরন্ত শতরান করেন তানজিদ হাসান। দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের শতরানও বাঁচাতে পারল না অজিদের। মাত্র ৫৭ রানের লক্ষ্যমাত্রা ১ উইকেট হারিয়েই পূরণ করে ফেলে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৬ উইকেট পেয়েছিলেন পেসার হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট মেহেদি হাসান মিরাজের, ৩টি উইকেট হাসানের। এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের টেস্ট জয় এই প্রথম নয়। ২০১৭ সালে মিরপুরে প্রথমবার হারায় বাংলাদেশ। সেটা ছিল ঘরের মাঠে টেস্ট জয়। ৯ বছর পর দ্বিতীয় জয়টা এল প্রতিপক্ষের ডেরায়।

আপাতত পয়েন্ট তালিকায় ভারতেরও উপরে উঠে এসেছে বাংলাদেশ।তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়া। কামিন্সের দলের পয়েন্ট শতাংশ পয়েন্ট ৭৭.৭৮। মেহেদি হাসান মিরাজদজের পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে ৬৬.৬৭ শতাংশে। একলাফে উঠে এসেছেন চতুর্থ স্থানে। ভারত নেমে গিয়েছে একধাপ নিচে। বর্তমানে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। কিন্তু সেখানে জিতলেও বাংলাদেশকে টপকাতে পারবে না ভারতীয় দল। কারণ এই টেস্ট জিতলে ভারতের পয়েন্ট হবে ৫০ শতাংশ, বাংলাদেশের তুলনায় অনেক কম।