বর্ষার দাপটে আবারও বিপাকে সিকিমের সড়ক যোগাযোগ। টানা বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধস নেমে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সিকিমমুখী পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং পণ্যবাহী যানবাহনের চলাচলে বড়সড় প্রভাব পড়েছে।
১০ জুলাই প্রকাশিত সিকিম পুলিশের সর্বশেষ রোড স্ট্যাটাসে এই পরিস্থিতির কথা জানানো হয়েছে। সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে শিলিগুড়ি-রংপো সংযোগকারী জাতীয় সড়ক ১০ ২৯তম মাইল, ব্রেক দারা এবং হনুমান মন্দির সংলগ্ন এলাকায় ধস নামায় আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দার্জিলিং-তিস্তা হয়ে বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে রংপো-সিংতাম সড়কের ২০তম মাইল এলাকাতেও ধসের জেরে রাস্তা বন্ধ রয়েছে। অন্যদিকে উত্তর সিকিমে পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল। গ্যাংটক থেকে মঙ্গন, চুংথাং, লাচুং, ইয়ুমথাং এবং জিরো পয়েন্ট পর্যন্ত অধিকাংশ পর্যটন রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চুংথাং-লাচেন সড়কের তারামচু এলাকায় এখনও যানবাহন চলাচল বন্ধ থাকায় ওই রুটে ভ্রমণ আপাতত সম্ভব নয়।
















