সিন্ডিকেট রাজ হোক বা কাটমানি, জমি দুর্নীতি হোক বা অবৈধ মাদক কারবার, সাধারণ মানুষ তাঁদের অভিযোগের কথা যাতে সহজেই সরকারের (Govt of West Bengal) কাছে জানাতে পারে সেই কারণে মঙ্গলবার দুর্নীতি বিরোধী টোল ফ্রি নম্বরের (Toll free number) ঘোষণা করা হয়েছিল। ২৪ ঘণ্টায় মানে একদিনে সেখানে জমা পড়ল প্রায় দুহাজার অভিযোগ! নবান্ন (Nabanna) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে রাস্তার বেহাল দশা কিংবা বেআইনি টোল আদায় সংক্রান্ত নানা ধরনের অভিযোগ জমা পড়েছে। কন্ট্রোলরুমে দায়ের হওয়ার সব অভিযোগই সংশ্লিষ্ট দফতরের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নবান্ন (Nabanna)। 

মঙ্গলবার ভবানীভবনের এক অনুষ্ঠানে চারটি বিশেষ টোল-ফ্রি নম্বর চালু করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নম্বরগুলিতে অভিযোগ নথিভুক্ত করা যাবে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, হেল্পলাইনে আসা প্রতিটি ফোন রেকর্ড করা হবে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে সেই রেকর্ড পুনরুদ্ধারের ব্যবস্থাও থাকবে।রাজ্যে পুলিশের স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের অভিযোগ সরাসরি গ্রহণের লক্ষ্যেই সরকার এই উদ্যোগ গ্রহণ করতেই সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে দেরি করেননি। জমা হওয়া অভিযোগের ভিত্তিতে কী নিষ্পত্তি করা হচ্ছে সেই সংক্রান্ত রিপোর্ট প্রতিদিন মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।