একই স্কুলের ২৭ জন ছাত্রী অসুস্থ হয়ে ভর্তি হয়েছে আরজি কর হাসপাতালে। কীভাবে সম্ভব? সকলেই কলকাতার একটি নামী স্কুলের পড়ুয়া। হঠাৎ করেই জ্বর এবং পেটে ব্যথা শুরু হওয়ায় সোমবার তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতে হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দেন। মঙ্গলবার স্বাস্থ্য দফতর ও পুরসভার টিম সেখানে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা যাচ্ছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, পড়ুয়াদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে এখন পরীক্ষার জন্য গিয়েছে। রিপোর্ট আসতে কিছুটা সময় লাগবে। তাই সমস্যার সূত্রপাত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
চিকিৎসকদের অনুমান, খাবার বা জল থেকে কোনওরকম বিষক্রিয়া হতে পারে যার ফলে ২৪ পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিকভাবে পেটে ব্যথা ও বমি শুরু হয় কিন্তু পরে জ্বর আসে। ছাত্রীদের ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। আপাতত স্থিতিশীল পড়ুয়ারা। সমস্যা কমেছে। পেট ব্যথা এবং বমি বমি ভাব কমেছে অনেকের। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই স্কুলে গিয়ে সেখানে পানীয় জলের স্যাম্পেল নেওয়ার পাশাপাশি যাচাই করবেন খাবারের মান। পানীয় জলের ট্যাঙ্ক পরিষ্কার রয়েছে কিনা, খতিয়ে দেখা হবে। খাবারের কাঁচামালও পরীক্ষা করা হবে। রান্নার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। উল্টোডাঙা থানা রান্নাঘর সিল করে দিয়েছে। উল্টোডাঙা থানার আইসিকে সাময়িকভাবে বাকিদের জন্য রান্নার বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে।
















