নাবালিকা ধর্ষণ খুনের ঘটনার পর উত্তপ্ত বারুইপুরে গণপিটুনিতে মৃত্যু হয় ইন্দ্রজিৎ মণ্ডলের (Indrajit Mondal)। সেই ঘটনার তদন্তে শুক্রবার রাতে আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। বারুইপুরের ঘটনায় একাধিক পৃথক মামলা হয়েছে। গণপিটুনির মামলায় এর আগে দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ, এবার আরও তিনজনের গ্রেফতারিতে এই ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫।

গত রবিবার (৫ জুলাই) বারুইপুরের সূর্যপুরহাট এলাকা থেকে নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধারের পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ধর্ষণ খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজনা বাড়তে থাকে। সন্দেহের বশে মেরে ফেলা হয় ইন্দ্রজিৎকে। মঙ্গলবারঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) জানান, গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি দোষীদের রেয়াত করা হবে না বলেও জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তদন্তে নেমে প্রথমে দুজনকে গ্রেফতার করা হয়। এরপর শুক্রবার রাতে আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। এই দিয়ে গণপিটুনি ভাঙচুর অশান্তির ঘটনায় মোট ধৃত ৩৮।