লরির নীচে লুকিয়ে গোপন কুঠুরিতে কয়েকশো কেজি গাঁজা! একেবারে দক্ষিণী সিনেমা 'পুষ্পা'র কায়দায় কোটি কোটি টাকার মাদক পাচার করার হচ্ছিল, কিন্তু পুরুলিয়া জেলা পুলিশের (Purulia Police District) তৎপরতায় সোমবার মধ্যরাতে গোবিন্দপুর-বালাসোর ১৮ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া শহর ঢোকার মুখে বেলকুড়ি রামকৃষ্ণ মিশনের কাছে ৩২২ কেজি গাজা উদ্ধার করল পুলিশ। পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই ঘটনার কথা উল্লেখ করে পুরুলিয়া জেলা পুলিশের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি লরিকে সামনে-পিছনে রীতিমতো পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল দুটি ছোট গাড়ি। ধৃতরা জানিয়েছে, নজর এড়াতে ওই লরির মধ্যে বিশেষভাবে গোপন কুঠুরি তৈরি করে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। মেকানিকের সহায়তায় সেগুলি খুলতেই অবাক হয়ে যান পুলিশ কর্তারা! দেখা যায়, ছোট ছোট অজস্র প্যাকেট ভর্তি গাঁজা রয়েছে সেখানে। বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আসছিল এবং কোথায় পাচার করার ছক ছিল, তা খতিয়ে দেখছে পুরুলিয়া জেলা পুলিশ। এই র‍্যাকেটের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তারও খোঁজ চালানো হচ্ছে। এদিন নিজের X পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘গত তিনদিন ধরে মাদক বিরোধী অভিযানে যে পুলিশ টিম এত পরিমাণ গাঁজা উদ্ধার করে পাচার রুখেছেন, তাঁদের আমি অভিনন্দন জানাই। মোট ৭ জন গ্রেফতার হয়েছে। যে কোনওরকম অসামাজিক কাজের ক্ষেত্রে তাদের যে জিরো টলারেন্স নীতি রয়েছে তা দেখিয়ে দিল পুরুলিয়া পুলিশ।'