উৎসবের মরসুমের আগেই রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প বা ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিম (WBHS)-এর অধীনে চিকিৎসার ক্যাশলেস সুবিধার ঊর্ধ্বসীমা একলাফে আড়াই গুণ বাড়ানো হল। এতদিন পর্যন্ত তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পাওয়া যেত। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।
আরও পড়ুন: ত্রাণশিবিরে মৃত্যুমিছিল ও নিগ্রহের অভিযোগ, মণিপুর সরকারকে তুলোধোনা সুপ্রিম কোর্টের
রাজ্যের অর্থ দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। নতুন এই নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে বলে জানা গেছে।
আরও পড়ুন: চন্দ্রশেখরনেই আস্থা: নোয়েলের আপত্তি উড়িয়ে পুনর্নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা টাটা সন্স বোর্ডের
রাজ্য সরকারের এই বড় সিদ্ধান্তের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কর্মরত সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা। গুরুতর বা জটিল কোনও রোগের চিকিৎসার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে ২ লক্ষ টাকার গণ্ডি পার হওয়া বর্তমান সময়ে খুবই সাধারণ ঘটনা। এতদিন ২ লক্ষ টাকার বেশি বিল হলেই বাকি টাকা মেটাতে গিয়ে হিমশিম খেতে হত সাধারণ চাকুরিজীবী ও প্রবীণ পেনশনভোগীদের। এবার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিলে সরাসরি ক্যাশলেস সুবিধা মেলায় পকেট থেকে আর অতিরিক্ত অর্থ খরচ করতে হবে না।
আরও পড়ুন: রাজ-মিমির ‘তাণ্ডব’ দেখে ‘সুপার হ্যাপি’ শুভশ্রী! টলিপাড়ায় গুঞ্জন
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যাশলেসের নতুন সীমা বৃদ্ধি পেলেও স্বাস্থ্য প্রকল্পের বাকি নিয়ম ও শর্তাবলি আগের মতোই অপরিবর্তিত থাকবে। যেকোনও তালিকাভুক্ত হাসপাতালে একবার ভর্তি হয়ে চিকিৎসার (Indoor Treatment) ক্ষেত্রে এই সর্বোচ্চ ৫ লক্ষ টাকার ক্যাশলেস সুবিধা প্রযোজ্য হবে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি। তাঁদের মতে, চিকিৎসার ক্রমবর্ধমান খরচের বাজারে সরকারের এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ পরিবারকে বড় আর্থিক সুরক্ষা দেবে।
















