বিধানসভা নির্বাচনের পর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে—এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন মমতা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর দাবি, বর্তমানে তাঁর নিরাপত্তার জন্য কোনও বিশেষ বাহিনী নেই। কয়েকজন হাউস গার্ডের নিরাপত্তাতেই কার্যত তাঁকে থাকতে হচ্ছে। সোমবার আদালতে অভিষেকের আইনজীবী জানান, বিধানসভা নির্বাচনের আগে তাঁর মক্কেল জেড প্লাস নিরাপত্তা পেতেন। কিন্তু ভোটপর্ব শেষ হওয়ার পর সেই নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। আইনজীবীর দাবি, নিরাপত্তা কমিয়ে দেওয়ার পর একাধিকবার হামলার মুখেও পড়তে হয়েছে অভিষেককে। ফলে বিষয়টি হালকা ভাবে দেখার কোনও কারণ নেই।

এদিন আদালতে তাঁর আইনজীবী বলেন, “আমার মক্কেল রাজ্যের প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পর তাঁর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।” শুধু তাই নয়, আইনজীবীর আরও দাবি, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তুলে নেওয়ার পর বর্তমানে মাত্র কয়েকজন ‘হাউস গার্ড’(House Guard) -এর উপরই নিরাপত্তার দায়িত্ব রয়েছে। বিষয়টি আদালতের নজরে এনে প্রয়োজনীয় নিরাপত্তা চাওয়া হয়েছে। মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। ৬ অক্টোবর এই মামলার শুনানি হওয়ার কথা।

অভিষেকের আবেদনে অভিযোগ করা হয়েছে, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর ধাপে ধাপে তাঁর নিরাপত্তা কমানো হয়েছে। মে মাসে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাগুলিও প্রত্যাহার করা হয় বলে অভিযোগ। জেড প্লাস (Z+) নিরাপত্তা সরিয়ে নিয়ে পরবর্তীতে একজন সাংসদ হিসেবে কেন্দ্রীয় নিয়মে যে নিরাপত্তা পাওয়ার কথা, সেটুকুই বহাল রাখা হয়েছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর সাম্প্রতিক সময়ে অভিষেকের বাড়ির সামনে থাকা পুলিশ কিয়স্কও সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি জরুরি বলে উল্লেখ করে মামলাটির দ্রুত শুনানির আবেদন করেন অভিষেকের আইনজীবী। এখন দেখার, অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে কী নির্দেশ দেয় হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার মতো গুরুতর বিষয়কে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মঞ্চ বানানো নয়—প্রয়োজন স্পষ্ট জবাব এবং প্রশাসনিক জবাবদিহি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।