কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) ডিভিশন বেঞ্চে না গিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এর আগে হাই কোর্টে আবেদন করেছিলেন অভিষেক। সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় এবার সরাসরি শীর্ষ আদালতে (Supreme Court) দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ৩ অগাস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি।
২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে ফেরার পথে সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। গুরুতর আঘাতে বাঁ চোখের নীচের হাড় ভেঙে যায়। এরপর থেকেই চোখের সমস্যায় ভুগছেন অভিষেক। অতীতেও একাধিকবার চোখের চিকিৎসা করাতে বিদেশে গিয়েছেন তিনি।
তবে আদালতে মামলার কারণে আপাতত বিদেশ যাত্রায় আদালতের অনুমতি নিতে হচ্ছে অভিষেককে। এই পরিস্থিতিতে ২০ জুলাই এই মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য (Sougata Bhattacharya) জানিয়েছিলেন, চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার আগে নিশ্চিত হতে হবে যে দেশে একই চিকিৎসা সম্ভব নয়। কলকাতার কোনও সরকারি হাসপাতালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চিকিৎসার চেষ্টা করেছেন কি না, তা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন বিচারপরি। এসএসকেএম (SSKM) হাসপাতালে অভিষেক চিকিৎসা করিয়েছেন কি না, সে বিষয়েও জানতে চায় আদালত। এর পরেই বিচারপতি নির্দেশ দেন, প্রয়োজনে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল বোর্ড গঠন করে তাদের মতামত নেওয়া নির্দেশ দেন বিচারপতি।
সিঙ্গল বেঞ্চ বিদেশযাত্রার অনুমতি না দেওয়ায় ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। জানিয়েছেন, ডিজে মামলায় (DJ Case) হাই কোর্টের সব নির্দেশ মেনে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এমনকী, আদালতের নির্দেশ অনুযায়ী কণ্ঠস্বরের নমুনাও জমা দিয়েছেন। তা সত্ত্বেও বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করানোর অনুমতি দিতে না হাই কোর্ট। দীর্ঘদিন ধরে ধরে চোখের জটিল সমস্যায় ভুগছেন। চিকিৎসার প্রয়োজনেই অনুমতি চেয়ে সুপ্রিম হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন অভিষেক। ৩ অগাস্ট শীর্ষ আদালতে এই মামলার শুনানি। সেই অনুমতি মেলে কি না এখন সেটাই দেখার।
















