হালিশহরের ভূতবাগানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয়ে হামলার তীব্র নিন্দা করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘটনার প্রতিবাদে সোমবার সাংসদ চত্বরে ক্ষোভ উগরে অভিষেক বলেন, “আগে আমার উপর হামলা হয়েছে, এবার আমাদের চেয়ারপার্সনের উপরও হামলা হল। কীভাবে এমন ঘটনা ঘটতে পারে?” তাঁর কথায়, “ভরসা out, ভয় in”। রাজ্য প্রশাসনকে তীব্র কটাক্ষ বলে অভিষেক বলেন, গত তিনমাসে বাংলায় আইন-শৃঙ্খলার চরম বিপর্যয় ঘটেছে।

সরাসরি সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, বিজেপি সরকারের (BJP Government) আমলে বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণ শেষ। পুলিশ হেফাজতে মৃত্যু থেকে শুরু করে তৃণমূল কর্মী খুন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলা- একের পর এক ঘটনায় প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছেন অভিষেক। তাঁর অভিযোগ, শোকাহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় বিজেপির মদতপুষ্ট দুষ্কৃতীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা চালিয়েছে। এই হামলায় দলনেত্রী গুরুতর আহত হতে পারতেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূল সাংসদ। বাংলায় আইন-শৃঙ্খলার চরম বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ করে তাঁর প্রশ্ন, রাজনৈতিক হিংসাই কি বর্তমান সরকারের একমাত্র অস্ত্র? 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তীব্র কটাক্ষ করে বলেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের দলের এক কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে যাওয়ার সময়ও যদি নিরাপত্তা না পান, তাহলে তা শুধু পুলিশের (Police) ব্যর্থতা নয়, সরকারের প্রশাসনিক ব্যর্থতা। তাঁর কথায়, যে সরকার মহিলাদের নিরাপত্তা দিতে পারে না, রাজনৈতিক কর্মীদের রক্ষা করতে পারে না, পুলিশ হেফাজতে মৃত্যু ঠেকাতে পারে না এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়- তার আইনশৃঙ্খলা নিয়ে উপদেশ দেওয়ার নৈতিক অধিকার নেই।