রাজ্যজুড়ে চলতে থাকা বেআইনি রক্ত পাচার চক্রের তদন্তে বড় সাফল্য পেল অ্যান্টি কোরাপশন ব্যুরো (Anti Corruption Bureau) পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত বিক্রি করার অভিযোগে ৩ ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করার পর ধৃত তিনজনের সঙ্গে UPI-র মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার লেনদেন হয়েছিল! এই চক্রের জাল যে অনেক দূর পর্যন্ত বিস্তৃত তা বুঝতে পেরে ইতিমধ্যেই তিন ল্যাব টেকনিশিয়ানকে জেরা করা শুরু হয়েছে।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নবান্নের তরফ থেকে কিছুদিন আগেই পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছিল। গোয়েন্দা বিভাগের তিন শীর্ষ কর্তা আইপিএস মুরলীধর, আকাশ মাঘারিয়া এবং কামনাশীষ সেনকে দুর্নীতি দমন শাখার দায়িত্ব দেওয়া হয়। এর কিছুদিনের মধ্যেই পাঁশকুড়াতে রোগী ও তাঁদের পরিজনদের কাছে বেআইনিভাবে রক্ত বিক্রির অভিযোগে এক দালাল গ্রেফতার হওয়ার সূত্র ধরে তদন্তে নামে এসিবি (ACB)। দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা জানতে পারেন দালালরা বিভিন্ন ক্লাব ও সংস্থার দ্বারা আয়োজিত রক্তদান শিবির থেকে কম পয়সায় রক্তদাতার কার্ড কিনে এনে সেগুলো ব্যবহার করে ব্লাড ব্যাংক থেকে বিনামূল্যে রক্ত সংগ্রহ করত। এরপর সেই রক্ত রোগীর পরিবারের কাছে চড়া দামে বিক্রি করা হতো। অবৈধ এই চক্রের জাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত বলে অনুমান তদন্তকারীদের। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের রক্ত বিক্রি চক্রের হদিশ পাওয়ার পর এবার এই গ্রুপের সঙ্গে আর কারা কারা জড়িত এবং আর্থিক লেনদেনে কতজনের যোগ রয়েছে তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশের অ্যান্টি কোরাপশন ব্যুরো (ACB)।















