দুর্গাপুজোর মাসে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর। অক্টোবর মাসের বেতন, মজুরি, স্টাইপেন্ড, সাম্মানিক, পেনশন এবং পারিবারিক পেনশন ১৫ অক্টোবরই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (State Government)। বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে অর্থ দফতর (Finance Department)।
অর্থ দফতরের নির্দেশিকা (Notice) অনুযায়ী, অক্টোবরের বেতন ও পেনশন সেই মাসের ১৫ তারিখেই পেয়ে যাবেন সরকারি ও সরকার পোষিত কর্মীরা। রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি গ্র্যান্ট-ইন-এইডভুক্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতনও ওই দিনই দেওয়া হবে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন ও পারিবারিক পেনশনও ১৫ অক্টোবর তাঁদের অ্যাকাউন্টে জমা পড়বে। চলতি বছরের ঘোষিত বর্ধিত মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR)-এর সুবিধাও, যেখানে প্রযোজ্য, অক্টোবর মাসের অর্থপ্রদানের সঙ্গে যুক্ত থাকবে। 
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, নির্ধারিত দিনে নির্বিঘ্নে অর্থপ্রদান নিশ্চিত করতে ট্রেজারি, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার (DDO) এবং ডিপোজিট অ্যাকাউন্টের প্রশাসকদের প্রয়োজনীয় বিল ও নথি আগাম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের তরফে বাজেটেই সরকারি ও সরকার পোষিত কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছিল। অক্টোবর থেকে দেওয়া হবে বলেও জানানো হয়। এদিনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ১৫ অক্টোবরের বেতন ও পেনশনের সঙ্গেই মিলবে বর্ধিত ডিএ। প্রশাসনিক মহলের মতে, বাঙালির সবচেয়ে বড় উৎসবে খরচের কথা মাথায় রেখেই আগেভাগে বেতন ও পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
















