ধর্মতলায় বাম ছাত্র সংগঠনের মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় গ্রেফতার ১৬ জনকেই জামিন দিল ব্যাঙ্কশাল আদালত। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে প্রথমে তাঁদের ৩০ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু তার পরেই শীর্ষ আদালতের বার্তার জেরে বদলে যায় পুরো চিত্রনাট্য। শেষ পর্যন্ত নিজের নির্দেশ সংশোধন করে ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে সমস্ত অভিযুক্তের জামিন মঞ্জুর করেন বিচারক।
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র না। সেই মিছিলের শেষ পর্যায়ে তুমুল অশান্তি ছড়ায় ধর্মতলা চত্বরে। পুলিশকে লক্ষ্য করে ইট, জুতো ও জলের বোতল ছোঁড়ার অভিযোগ ওঠে। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরাও। এই ঘটনার তদন্তে নেমে একে একে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে দু’দিন পুলিশ হেফাজতে থাকার পর মঙ্গলবার তাঁদের পুনরায় ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। পুলিশের আর্জিতে বিচারক ধৃতদের জেল হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেন।
তবে রায় ঘোষণার কিছু পরেই সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়টি আদালতে পেশ করা হয়। শীর্ষ আদালত স্পষ্ট জানায়, আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া এফআইআরের ভিত্তিতে পদক্ষেপ করা যাবে না এবং যাদের কোনও পূর্ব অপরাধের রেকর্ড নেই, তাদের মুক্তি দিতে হবে। আদালতের এই নির্দেশের কথা জানতে পেরেই ধৃতদের আইনজীবী পুনরায় জামিনের আবেদন জানান। যদিও এই ঘটনায় ধৃতদের মধ্যে কেউ নাবালক ছিলেন না, তবুও শীর্ষ আদালতের মনোভাব বুঝে রাজ্য সরকারও জানান যে তারা অভিযুক্তদের হেফাজতে রাখতে ইচ্ছুক নয়। পুলিশের এই অবস্থানের পরেই আদালত তাঁর আগের নির্দেশ পরিবর্তন করে ধৃত ১৬ জনেরই জামিনের আবেদন মঞ্জুর করে।
















