ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দলীয় কার্যালয়ে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গোলমালের ঘটনায় ধৃত ১৩ জন তৃণমূল কর্মীকে জামিন দিল আদালত। বুধবার কলকাতার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের (সিজেএম) আদালতে ধৃতদের তোলা হলে দীর্ঘ সওয়াল-জবাব শেষে বিচারক তাঁদের জামিনের আর্জি মঞ্জুর করেন।

ঘটনার সূত্রপাত ক্যামাক স্ট্রিটের তৃণমূল কার্যালয় থেকে বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে। পুরসভা ও পুলিশের যৌথ অভিযানের সময় দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ও ধস্তাধস্তি বাধে বলে অভিযোগ। এর পরই সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশকর্মীদের মারধর, মহিলা পুলিশকর্মীকে হেনস্থা এমনকি অস্ত্র আইনের মতো একাধিক জামিন-অযোগ্য ধারায় শেক্সপিয়র সরণি থানায় মামলা (কেস নম্বর ১৪৭/২০২৬) দায়ের করে পুলিশ। সেই সূত্রেই ওই ১৩ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল।

এ দিন আদালতে ধৃতদের পক্ষে সওয়াল করেন আইনজীবী অর্ককুমার নাগ, সৌরভ চৌধুরী এবং শুভম দাস। তাঁদের বক্তব্য, ধৃতদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের মতো কোনও নতুন বা জোরালো তথ্য কেস ডায়েরিতে পেশ করতে পারেনি পুলিশ। রাজনৈতিক বিরোধের জেরে অহেতুক কড়া ধারা প্রয়োগ করে তাঁদের আটকে রাখার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন আইনজীবীরা। অন্য দিকে, সরকার পক্ষের আইনজীবী ধৃতদের জামিনের বিরোধিতা করে তাঁদের পুলিশি হেফাজতে রাখার আর্জি জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ধৃতদের জামিনে মুক্তির নির্দেশ দেয়। আদালতের এই রায়ের পর তৃণমূল শিবিরের দাবি, অভিযোগ যে ভিত্তিহীন ছিল, জামিন মঞ্জুর হওয়াতেই তা প্রমাণিত হল।