বিদ্যাধরী নদীতে (Vidyadhari River) বেআইনি ভাবে বালি তোলার অভিযোগে অভিযান চালিয়ে ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। তবে অভিযানের সময় বালি-বোঝাই নৌকা নিয়ে পুলিশের চোখের সামনে দিয়েই পালিয়ে যায় পাচারকারীদের একাংশ। অন্ধকারের সুযোগ নিয়ে পুলিশের নজর এড়িয়ে নদীপথে নৌকাটি পালিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে নদীতে অবৈধ বালি খনন রুখতে প্রশাসনের নজরদারি নিয়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁর (Minakhan) বিদ্যাধরী নদীতে বেশ কিছুদিন ধরেই রাতের অন্ধকারে বেআইনি ভাবে বালি তোলার অভিযোগ আসছিল। সেই খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ছ’জনকে হাতেনাতে আটক করে গ্রেফতার করা হয়। কিন্তু ঘটনাস্থলে থাকা বালি-বোঝাই নৌকাটি নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। পুলিশের দাবি, অভিযান সম্পর্কে আঁচ পেয়ে অন্ধকারের সুযোগে নৌকাটি নিয়ে পালিয়ে যায়। 

ঘটনার পর থেকেই নদীতে নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে যদি রাতের পর রাত নদী থেকে বেআইনি ভাবে বালি তোলার কাজ চলে থাকে, তা হলে প্রশাসনের নজরে বিষয়টি আগে এল না কেন? নদীপথে নিয়মিত নজরদারি থাকা সত্ত্বেও কী ভাবে এই কারবার চলছিল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। অবৈধ বালি তোলার পিছনে সক্রিয় চক্রের পুরো নেটওয়ার্ক খতিয়ে দেখার দাবি উঠেছে।

ধৃত ছ’জনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত, তা জানার চেষ্টা করছে পুলিশ। পলাতক অভিযুক্তদেরও খোঁজ চলছে। ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে (Basirhat Sub-divisional Court) পেশ করা হয়েছে।