মেলার মাঠে বসেছিল সার্কাসের (Circus) তাঁবু। আর সেই তাবু খুলতেই সামনে এলো মর্মান্তিক দৃশ্য। গলায় দড়ির ফাঁস লেগে মৃত অবস্থায় ঝুলে রয়েছেন এক সার্কাস কর্মী। অন্ডালের (Andal) খনি অঞ্চলের উখড়ায় (Ukhra) ঝুলনযাত্রা উপলক্ষে বসেছিল এই মেলা। মঙ্গলবার সকালে সেই সার্কাসের তাবু খুলতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। মৃতের নাম অনিলকুমার ঠাকুর (Anilkumar Thakur), বয়স ৫৭।
নদিয়ার (Nadia) বেতাই (Betai) গ্রামের বাসিন্দা ছিলেন অনিলকুমার। কয়েকদিন আগেই তিনি সার্কাসের দলে কাজ শুরু করেছিলেন। তাঁবু তৈরি করা এবং তার নকশা তৈরির কাজে তাঁর দক্ষতা ছিল বলে জানিয়েছেন সার্কাসের ম্যানেজার রথীন্দ্রকুমার চট্টোপাধ্যায়ের (Rathindrakumar Chattopadhyay)। সোমবার রাত পর্যন্ত অন্যান্য কর্মীদের সঙ্গে কাজও করেন তিনি। এরপর শো শেষ হলে সকলেই বিশ্রামে করতে যায়।
মঙ্গলবার সকালে সার্কাসের তাবু খোলার সময়ই কর্মীদের নজরে আসে অনিলের ঝুলন্ত দেহ। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় উখড়া ফাঁড়ির পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।
ম্যানেজার রথীন্দ্রকুমার চট্টোপাধ্যায়ের দাবি, সম্প্রতি বাড়িতে কিছু অশান্তি চলছিল অনিলের। তবে সেই কারণেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
অন্যদিকে, উদ্ধারের সময় মৃতদেহের অবস্থান ঘিরেও উঠছে প্রশ্ন। স্থানীয় কয়েকজনের দাবি, উদ্ধারের সময় অনিলের পা মাটির কাছাকাছি ছিল। ফলে ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। যদিও পুলিশ এবিষয়ে এখনও কিছু জানায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে তদন্তকারীদের সূত্রে খবর।
ঘটনার খবর ইতিমধ্যেই মৃতের পরিবারকে জানানো হয়েছে। সার্কাস কর্মীর আকস্মিক মৃত্যুর জেরে মঙ্গলবারের শো বাতিল করেছে কর্তৃপক্ষ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
















