পশ্চিমবঙ্গের নাম বাংলা হওয়া উচিত। কেন হওয়া উচিত? এর টেকনিক্যাল এবং ঐতিহাসিক ব্যাখা কী? বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্নের পরিষ্কার ব্যাখা দিয়ে বুঝিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, "আমরা মনে করি পশ্চিমবঙ্গের নাম বাংলা হওয়া উচিত। তার একটা টেকনিক্যাল কারণ হচ্ছে, পশ্চিমবঙ্গের যেমন একটা রাজনৈতিক নামকরণের ইতিহাস আছে তেমনই বাংলারও একটা গভীর ঐতিহাসিক তাৎপর্য আছে।" 

আরও পড়ুন: সংস্কার হয়নি বলে গেরুয়া! অ্যাকাডেমি অফ ফাইন আটস্ নিয়ে আজব সাফাই রুদ্রনীলের

বিস্তারিত এই বিষয়ে বলতে গিয়েই বিধায়ক বলেন, বাংলা মানে একটা ব্র্যান্ড। আর এই ব্র্যান্ডটি ইতিহাস, সংস্কৃতি, ভাষা— সমস্ত মিলিয়ে এই বাংলা। এ ছাড়াও বাংলা নামের একটি প্রশাসনিক গুরুত্ব রয়েছে। সেটি হল, সর্বভারতীয় ক্ষেত্রে যখন অল পার্টি বা অল স্টেটস কোনও বৈঠক হয় সেখানে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লু বললে আমরা একেবারে শেষের দিকে বলার সুযোগ পাই। মন্ত্রী, সচিব, আমলারা সকাল ১০টায় যখন মিটিং হয় তখন সন্ধে ৭টায় আমাদের সুযোগ আসে! ওই শেষ সময়ে কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি শোনার জায়গায় থাকেন না। কিন্তু বাংলা বা বি দিয়ে শুরু হলে সেটি একেবারে প্রথমদিকে বলার সুযোগ থাকে। মিটিং শুরুর সময় সমস্ত বিষয় গুরুত্ব দিয়ে বলাও যায়। ফলে সমস্ত দিক বিবেচনা করে বিশষজ্ঞদের মতামত নিয়ে এই নামটি করা হয়েছিল। বিজেপির রাজ্যসভাপতি পার্লামেন্টে বাংলা এবং ইংরেজি উভয়েই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ করার দাবি তুলেছেন। এই বিষয়টি নিয়েও নাম না করে বিজেপিকে বিঁধেছেন তৃণমূল বিধায়ক। বাংলা নামকরণের ব্যাখার একেবারে শেষে তিনি বলেন, পুরো বিষয়টি একেবারেই বিধানসভার বিষয়। শুধু পার্লামেন্টে বললে রাজ্যের নামকরণ হয় না।