সাধুর বেশে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন এ রাজ্য থেকে ও রাজ্যে। কিন্তু শেষরক্ষা আর হল না। কোচবিহারের তুফানগঞ্জে (Tufanganj) স্থানীয় বাসিন্দাদের সন্দেহ থেকেই ফাঁস হয়ে গেল পরিচয়। ভারতে অবৈধভাবে প্রবেশ করে সাধুর ছদ্মবেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন এক পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি (Bangladeshi) নাগরিক।

আরও পড়ুন: মাছের মধ্যেই লুকিয়ে হার্টের সুরক্ষা! পাতে রাখুন ভিটামিনে ভরপুর এই মাছগুলি

ঘটনার সূত্রপাত তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারীর ভোলানাথ মোড়ে। স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন ওই ব্যক্তি।পরনে সাধুর পোশাক। কিন্তু এলাকায় তাঁকে আগে কখনও দেখেননি স্থানীয়রা। সেই অপরিচিত মুখই সন্দেহ বাড়ায়। এরপর তাঁর পরিচয় জানতে চাইলে কথাবার্তায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে স্থানীয় সূত্রে খবর। বিষয়টি আর হালকাভাবে নেননি বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। পরে ওই ব্যক্তিকে বক্সিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ঘণ্টার পর ঘণ্টা কানে ইয়ারবাড! শ্রবণশক্তি এড়াতে মেনে চলুন ‘৬০/৬০’ নিয়ম

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাধুর ছদ্মবেশে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন ওই ব্যক্তি। কীভাবে তিনি ভারতে প্রবেশ করলেন, কত দিন ধরে এ দেশে রয়েছেন এবং তাঁর এই ছদ্মবেশ ধারণের পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার নেপথ্যে আর কোনও যোগসূত্র রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।