বিজেপির বাংলায় মুখ্যমন্ত্রীর হিসেবে শপথ গ্রহণের পর থেকেই শিল্পায়নে জোর দিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বেশ কিছু কারখানার শিলান্যাস হয়েছে। আগামী এক বছরের মধ্যে রাজ্যে ব্যাপক হারে বিনিয়োগ নিয়ে আসা লক্ষ্যমাত্রা স্থির করেছে নবান্ন (Nabanna)। পালাবদলের বাংলায় বদলে যাওয়া শিল্পনীতির উপর ভিত্তি করে রবিবার নবি মুম্বইতে বেশ কয়েকজন শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় (Tapas Roy) এবং বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। এরপর শমীক জানান, কালীপুজোর পরেই বাণিজ্যনগরীতে যাচ্ছেন তাপস।
বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার পর রাজ্যে শিল্পের উন্নয়নের ব্যাপক বদল আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি সরকার। আঙুল থেকে শুরু করে হলদিয়া পেট্রোকেমিক্যালের নতুন ইউনিটের শিলান্যাস করেছেন শুভেন্দু। বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, বাংলায় বিনিয়োগ করতে বড় বড় শিল্পপতিদের সঙ্গে আলোচনা চলছে। এই নিয়ে নতুন উদ্যোগপতিদের সঙ্গে কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে বঙ্গের প্রতিনিধিদের নবি মুম্বইতে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণেই শিল্পমন্ত্রী কালীপুজোর পরই মুম্বই যাচ্ছেন।
বিজেপি মন্ত্রীর সফর প্রসঙ্গে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যদের আমলেও শিল্প আনতে রাজ্যের বাইরে আলোচনায় বসেছেন সরকারের প্রতিনিধিরা। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে শ্রেষ্ঠ শিল্পপতিরা এসেছেন, এমনকি সেই তালিকা তে আদানি-আম্বানিরাও ছিলেন। তাই বর্তমান সরকারের আমলে শুধুমাত্র বন্ধুকে চা খাওয়ানোর নিমন্ত্রণ করলেই তো হল না, শিল্প আসতে হবে। পূর্বতন যা কাজ শুরু হয়ে গিয়েছিল সেগুলো এখন উদ্বোধন চলছে। কিন্তু নতুন শিল্প কই? খেয়ে না আঁচালে এদের বিশ্বাস নেই, বলেও কটাক্ষ করেছেন বেলেঘাটার বিধায়ক।















