বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Pujo)। পুজোর আনন্দে মেতে উঠতে প্রস্তুত আট থেকে আশি। কেউ মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখবেন, কেউ আবার পুজোর ছুটিতে বেরিয়ে পড়বেন প্রিয় পর্যটনকেন্দ্রের উদ্দেশে। আর বাঙালির ঘুরতে যাওয়ার তালিকায় দিঘার (Digha) নাম থাকবে না, তা কি হয়! সমুদ্রের ঢেউ, বিস্তীর্ণ সৈকত আর মনোরম পরিবেশের টানে প্রতি বছরই বহু পর্যটক ভিড় জমান এই সৈকত শহরে। এ বার তাঁদের জন্য বাড়তি পাওনা। সমুদ্রস্নান আর ঘোরাঘুরির পাশাপাশি দুর্গাপুজোর আগমনি অনুষ্ঠানেও মেতে ওঠার সুযোগ থাকছে দিঘায়।

আরও পড়ুন: “সাহস থাকলে প্রমাণ দেখান!” রেখার সঙ্গে লিভ-ইন সম্পর্কের গুজবে চরম ক্ষুব্ধ অমিতাভ


রাজ্য সরকারের উদ্যোগে ‘মায়ের আগমনে আনন্দ দিঘা জুড়ে’ কর্মসূচিকে ঘিরে নতুন সাজে সেজে উঠছে সৈকত শহর। পুজোর আগে থেকেই দিঘার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আলোকসজ্জার প্রস্তুতি। দিঘার পথঘাট থেকে শুরু করে জগন্নাথধাম কালচারাল সেন্টারের মতো দর্শনীয় স্থান সবই সাজিয়ে তোলা হয়েছে আলোয়। সন্ধ্যা নামতেই আলোয় ঝলমল করে উঠছে সৈকত শহর। সেই সাজ দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। দুর্গাপুজোর আনন্দকে আরও রঙিন করে তুলতে আগামী ১৪ ও ১৫ অক্টোবর দিঘায় আয়োজন করা হয়েছে বিশেষ আগমনি অনুষ্ঠানের। দু’দিনের এই কর্মসূচিতে থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তার মধ্যে অন্যতম আকর্ষণ জনপ্রিয় গায়ক শান ও অন্বেষা দত্তগুপ্তর সরাসরি সংগীত পরিবেশনা (Live Concert)।


১৪ অক্টোবর অর্থাৎ চতুর্থীর দিন দিঘায় গান শোনাবেন শান (Shaan)। পরের দিন, অর্থাৎ ১৫ অক্টোবর পঞ্চমীতে মঞ্চ মাতাবেন অন্বেষা দত্তগুপ্ত (Anwesha Dutta Gupta)। নিউ দিঘা সমুদ্রসৈকতে এই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসাহ। ফলে পুজোর ছুটিতে যাঁরা দিঘায় যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে সমুদ্রের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ উপভোগ করারও সুযোগ থাকছে।


দুর্গাপুজোর আগে সৈকত শহরের এই সাজ পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠতে পারে। এই প্রথম নয় এর আগে বড়দিন ও ইংরেজি নববর্ষের উদযাপনেও আলোর সাজে সেজে উঠেছিল দিঘা। সেই আয়োজন পর্যটকদের নজর কেড়েছিল। এ বার দুর্গাপুজোকে কেন্দ্র করে সৈকত শহরকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার।