রাজ্যে পালাবদলের পর নতুন করে খুলেছে আরজি কর ফাইল। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু এখন ওই তদন্ত কতটা এগিয়ে তা নিয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসেনি। বাংলায় নতুন সরকার এসেছে পাঁচ মাস হয়ে গিয়েছে। এখনও স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির পদে রয়েছেন নারায়ণ স্বরূপ নিগম (Narayan Swaroop Nigam)। আর তা নিয়ে এবার প্রশ্ন তুললেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো (Aniket Mahato)। সেইসঙ্গে তিনি আরও প্রশ্ন করেন আর জি কর-কাণ্ডে (RG Kar Incident) তদন্তের অগ্রগতি কোথায়? তিন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করার কারণই বা কী? অনিকেতের দাবি, অভয়ার ন্যায়বিচারের স্বার্থে শুধু আশ্বাস নয়, তদন্তের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশ করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: আইটি-র চাকরি ছেড়ে রাজনীতি, সিজেপিতে অজিঙ্কের উত্থান কীভাবে!
আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College) একটি বিশেষ সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতি ঘিরে অনেক প্রত্যাশা ছিল বলে জানান অনিকেত। তাঁর আশা ছিল, অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত কতদূর এগিয়েছে, প্রমাণ লোপাটের অভিযোগে আর কারা জড়িত এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অতিরিক্ত চার্জশিট দেওয়ার বিষয়ে কী পদক্ষেপ করেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেই অভিযোগ তাঁর।
সেমিনার রুমে ভাঙচুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যেরও সমালোচনা করেন অনিকেত। তাঁর বক্তব্য, সেই সময় জুনিয়র ও সিনিয়র চিকিৎসকেরা নারায়ণ স্বরূপ নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাই এখন এই ঘটনায় তাঁর স্বাক্ষর নেই বা তিনি জড়িত নন কেন বলতে চাইছেন? তাঁর দাবি, নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগের দাবি শুধু সেমিনার রুমে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ওঠেনি। স্বাস্থ্যব্যবস্থায় দুর্নীতির অভিযোগ, রোগী পরিষেবার সমস্যা এবং মেডিক্যাল কলেজগুলিতে চিকিৎসাশিক্ষার অবনতি নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছিলেন। সেই প্রেক্ষিতে এখনও কেন তাঁকে দায়িত্ব থেকে সরানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনিকেত। একই সঙ্গে অভয়ার ঘটনার তদন্তে প্রমাণ লোপাটের অভিযোগ এবং তদন্তে বাধা দেওয়ার বিষয়গুলি খতিয়ে দেখার দাবিও জানিয়েছেন তিনি।
আরজি করের ঘটনায় তিন আইপিএস (IPS) অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, তা প্রকাশের দাবি তুলেছেন অনিকেত। তাঁর প্রশ্ন, অভয়ার ন্যায়বিচারের ক্ষেত্রে ওই আধিকারিকদের ভূমিকা কী ছিল? কেন তাঁদের সাসপেন্ড করা হয়েছে? এই বিষয়ে তদন্তের অগ্রগতি কোথায়? তাঁর অভিযোগ, এখনও পর্যন্ত এ নিয়ে বিস্তারিত রিপোর্ট জনসমক্ষে আসেনি। তাই সংশ্লিষ্ট আধিকারিকদের ভূমিকা এবং তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে স্পষ্ট তথ্য প্রকাশ করা প্রয়োজন।
অনিকেতের দাবি, অভয়ার ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাঁদের চিহ্নিত করতে হবে। প্রমাণ লোপাট বা তদন্তে বাধা দেওয়ার অভিযোগ যাঁদের বিরুদ্ধে রয়েছে, তাঁদের ভূমিকা খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ৯ ও ১৪ অগস্টের ঘটনায় ঠিক কী ঘটেছিল, তা জানার অধিকার সাধারণ মানুষের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এ দিন আরজি কর মেডিক্যাল কলেজের রোগী পরিষেবা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনিকেত। তাঁর বক্তব্য, ১৪ অগস্টের ভাঙচুরের ঘটনার পর জরুরি পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছিল। হাসপাতালের জরুরি বিভাগের পরিকাঠামো এবং রোগীদের পরিষেবা নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা ও পদক্ষেপের কথা জানানো দরকার ছিল। হাসপাতালের লিফটে এক রোগীর মৃত্যুর ঘটনা এবং জরুরি বিভাগের পরিকাঠামোগত সমস্যা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।















