দুর্গাপুজোর বাদ্যি বেজে গিয়েছে। দেবীপক্ষের দ্বিতীয় দিন তথা পুজোর আগে শেষ রবিবার। সকাল থেকে রোদের তেজ নেই, হালকা মেঘাচ্ছন্ন আকাশ। আজ (রবিবার) কলকাতা সহ বাংলায় কেমন থাকবে সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আকাশে বাতাসে পুজোর গন্ধ। সকলের মনে এখন একটাই প্রশ্ন বৃষ্টি হবে না তো? আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই পুজোর বঙ্গে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মঙ্গলবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। ইতিমধ্যেই গালফ অফ থাইল্যান্ডের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত আন্দামান সাগরের দিকে এগিয়ে আসছে। আজ, রবিবার সেটি উত্তর আন্দামান সাগরের উপর অবস্থান করতে পারে।
আজ শহরের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে। তবে কলকাতা ও আশপাশে এক-দু’ফসলা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোর দিনগুলিতে দুর্যোগের তেমন কোনও সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না। বর্ষা বিদায় নিতে শুরু করেছে দেশ থেকে। বাংলা থেকেও বর্ষার বিদায় প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার বঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বিক্ষিপ্তভাবে কলকাতা ও জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।















