রাজ্যের প্রশাসনিক অলিন্দে বড়সড় বদল। এবার ভারতীয় প্রশাসনিক পরিষেবা বা আইএএস আধিকারিকদের সরকারি গাড়ি থেকে সরতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৈরি ‘বিশ্ববাংলা’র ‘ব’ লোগো-সংবলিত নীল-সাদা পতাকা। তার জায়গায় এবার অফিসারদের গাড়িতে শোভা পাবে নেভি ব্লু বা গাঢ় নীল রঙের অশোকচক্র খচিত সম্পূর্ণ নতুন একটি পতাকা।
সম্প্রতি নবান্নের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, এতদিন রাজ্যের আইএএস অফিসাররা নিজেদের গাড়িতে যে ‘ব’ চিহ্নযুক্ত পতাকা ব্যবহার করতেন, তা আর থাকছে না। নতুন নকশার পতাকায় জাতীয় প্রতীক অশোকচক্রের পাশাপাশি থাকবে ভারতীয় প্রশাসনিক পরিষেবার নিজস্ব প্রতীকও। তবে আধিকারিকদের পদমর্যাদা অনুযায়ী এই পতাকার আকারে কিছুটা তারতম্য বা তফাত থাকবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে সরকার বদলের পর থেকেই পূর্বতন তৃণমূল সরকারের বিভিন্ন ব্র্যান্ড-পরিচিতি এবং লোগো সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি দফতর, বিভিন্ন ভবন, সরকারি সামগ্রী ও প্রকল্প থেকে ইতিমধ্যেই ধাপে ধাপে ‘বিশ্ববাংলা’ বা ‘ব’ লোগো সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের গাড়িও। প্রশাসনিক মহলের একাংশের মতে, কেন্দ্রীয় স্তরে বা অন্যান্য অনেক রাজ্যে আইএএস অফিসারদের গাড়িতে অশোকচক্র বা নির্দিষ্ট ক্যাডারের নিজস্ব প্রতীক ব্যবহারের চল রয়েছে। এ বার পশ্চিমবঙ্গও সেই পথেই হাঁটল।
















