তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স দীর্ঘদিন ধরেই এমন রাজনৈতিক বার্তা তুলে ধরে আসছে বিজেপি। কিন্তু এবার সেই দলেরই এক নেতাকে প্রকাশ্য রাস্তায় বালির ট্রাক থামিয়ে টাকা তুলতে দেখা যাওয়ার অভিযোগ ঘিরে অস্বস্তিতে গেরুয়া শিবির। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) কেন্দ্র করে আসানসোলের জামুড়িয়ায় (Jamuria, Asansol) শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভিডিও প্রকাশ্যে আসার পরই পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে।

ধৃত ওই  নেতার নাম রাকেশ মাজি (Rakesh Maji)। সোমবার আসানসোল জেলা আদালতে তাঁকে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ভাইরাল ভিডিওটি মদনতোড় পঞ্চায়েত সংলগ্ন চুরুলিয়া ফাঁড়ি এলাকার বলে জানা গিয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই বিজেপি নেতা বালিবোঝাই ট্রাক থামিয়ে টাকা নিচ্ছেন। পাশাপাশি মোবাইলে কথা বলতে বলতে তাঁকে বলতে শোনা যায়, আগে ওভারলোড গাড়ি থেকে ৫০০ টাকা নেওয়া হত, এখন আন্ডারলোড গাড়ি থেকে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। এই ভিডিও সামনে আসতেই বিজেপির দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ। বিরোধীদের কটাক্ষ, অন্যের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব হওয়া বিজেপির ঘরেই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে তাদের 'জিরো টলারেন্স' নীতির বিশ্বাসযোগ্যতা কোথায়?

এই ঘটনায় অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal) বলেন, "তোলাবাজি কেউ করলে আমাদের খবর দিন। আমাদের হেল্পলাইনে ফোন করুন। জামুড়িয়ার ভিডিও আমার কাছে আসা মাত্রই আমি পুলিশ কমিশনারকে জানিয়েছি। সঠিক তথ্য পেলেই আমরা ব্যবস্থা নিই। এটা তৃণমূলের আমল নয়।" তবে তাঁর এই মন্তব্যের পরও রাজনৈতিক মহলের প্রশ্ন, অভিযোগ সামনে আসার পর ব্যবস্থা নেওয়া হলেও, দলের নেতার বিরুদ্ধে এমন অভিযোগ কি বিজেপির ঘোষিত অবস্থানকেই অস্বস্তিতে ফেলল না?

ভাইরাল ভিডিও ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের একাংশেরও প্রশ্ন, প্রকাশ্য রাস্তায় যদি এভাবে ট্রাক থামিয়ে টাকা আদায়ের অভিযোগ ওঠে, তবে ব্যবসা-বাণিজ্য ও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়বেই। একই সঙ্গে বিজেপির তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স (Zero Tolerance) দাবিও নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।