মুখে নারী সুরক্ষার বুলি, অথচ প্রতিবাদী মহিলাদের দিকেই লাঠি হাতে তেড়ে আসার অভিযোগ বিজেপি নেতার! দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি নেতা রজত ঘোষের (BJP leader Rajat Ghosh in Kumarganj, South Dinajpur) বিরুদ্ধে এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সম্পাদক (BJP Secretary)। সম্প্রতি এলাকার এক যুবককে গাছে বেঁধে মারধরের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ জানাতে ওই যুবকের স্ত্রী-সহ কয়েক জন মহিলা তাঁর বাড়িতে গেলে, অভিযোগ, তাঁদের দিকেই লাঠি নিয়ে তেড়ে আসেন ওই বিজেপি নেতা। সেই ঘটনার ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।
মহিলাদের কটূক্তি ছাড়াও এই বিজেপি নেতার বিরুদ্ধে রয়েছে আরও অভিযোগ। সম্প্রতি এলাকারই এক যুবককে বিনা কারণে গাছে বেঁধে মারধর করার অভিযোগ ওঠে গুণধর ওই বিজেপি নেতার বিরুদ্ধে। এই ঘটনারই প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ওই যুবকের স্ত্রী এবং এলাকারই মহিলারা।
অভিযোগ, তখন রজত ঘর থেকে লাঠি নিয়ে তাঁদের দিকে তেড়ে আসে। মহিলাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসার সেই ভিডিও ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হতেই তীব্র নিন্দা জানিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস।
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার জানান, এটা খুব নিন্দনীয় বিষয়। যেখানে রাজ্যে বিজেপি নারী সুরক্ষার কথা বলছে সেখানে দেখা যাচ্ছে মহিলাদের প্রতি আক্রমণাত্মকভাবে লাঠি নিয়ে ধেয়ে আসছে বিজেপি নেতা! মহিলাদের প্রতি বিজেপি নেতার এমন ব্যবহার নিন্দনীয় ও লজ্জাজনক।
বিষয়টি নিয়ে চারদিকে শোরগোল পড়ে গিয়েছে। এতবড় ঘটনার পরও ওই বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করেনি নেতৃত্ব। তেমন কোনও ব্যবস্থাও নেওয়া হয়নি। শুধু মাত্র চাপে পড়ে পিঠ বাঁচাতে একটি শোকজ চিঠি ধরানো হয়েছে। বিজেপির এই অবস্থান নিয়েও রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়।
















