বারুইপুরের ট্যাঙ্গারবেরিয়া এলাকায় বিজেপি কর্মী বাপি প্রামাণিককে পিটিয়ে খুনের অভিযোগ! পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে মারধর এবং পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে ঝামেলা ও হাতাহাতির জেরেই এই ঘটনা। রবিবার রাতে বিজেপি কর্মীদের একটি বৈঠক থেকে ফেরার সময় হামলার অভিযোগ ওঠে। খবর পেয়ে বাপি স্ত্রীকে নিয়ে বেরোলে তাঁর উপরও হামলা হয় বলে পরিবারের দাবি। পরিবারের এই হামলার পিছনে হাত প্রাক্তন শাসকদলের। তবে তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে, ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। 

নিহত বিজেপি কর্মীর ছেলে বলেন, “রাতে বাড়িতে ছিল। খাওয়া-দাওয়া করেছিল। তারপর সাড়ে ১০টা-১১টা নাগাদ বাবার ফোন এসছিল। কে ফোন করেছিল জানি না। তারপর মা-বাবা দু’জনেই বেরিয়ে গেল। পরে রাতে আমাকে ফোন করে জানাল।” মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের আবেদন, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়। ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বারুইপুর থানার পুলিশ। বিজেপি বিধায়ক দেবাশিস ধর অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কড়া শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর কাছে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আবেদন করা হয়েছে।