তোলাবাজির দাবিমতো টাকা না পেয়ে গায়ের জোরে একটি চালু ইটভাটায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মিনাখাঁ থানার বামনপুকুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার অন্তর্গত বামনপুকুরের কুশাংরা এলাকায় রয়েছে ‘ভারত-২’ নম্বর ইটভাটা। ভাটা কর্তৃপক্ষের অভিযোগ, সপ্তাহ কয়েক আগে তাঁদের কাছে তিন লক্ষ টাকা তোলা হিসেবে দাবি করা হয়েছিল। কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় রাজু মঙ্গল নামের এক বিজেপি কর্মী দলবল নিয়ে এসে ভাটার মূল ফটকে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। এর জেরে ইটভাটার কাজকর্ম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং বিপাকে পড়েন শ্রমিকরা।

ভাটা মালিকের দাবি, এই ঘটনার নেপথ্যে স্থানীয় আরও কয়েকজন বিজেপি কর্মীর সক্রিয় যোগ রয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ তদন্তে নেমেছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।