উত্তর ২৪ পরগনা (North 24 parganas) নীলগঞ্জ ফাঁড়ির সামনে বিকট শব্দে বিস্ফোরণ। মঙ্গলবার সাতসকালে আতঙ্ক ছড়ালো এলাকায়। পুলিশ সূত্রে জানিয়ে গেছে সোমবার প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছিল। ফাঁড়ির কাছেই গোডাউনে সেগুলো জড়ো করে রাখা হয়েছিল। আজ কোনও ভাবে তাতে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। হতাহতের কোনও খবর মেলেনি। ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন পৌঁছেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে নীলগঞ্জের (Nilganj) নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি ও বারুদ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ গোডাউনের বাইরে একটি ড্রামের মধ্যে উদ্ধার হওয়া সেই সামগ্রী রাখা ছিল। মঙ্গলের সকালে সেখানেই আগুন লাগে।একের পর এক বাজি ফাটার শব্দে আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা।জনবসতিপূর্ণ এলাকায় কেন এ ভাবে বাজি-বারুদ মজুত করে রাখা হল তা নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা।
















