বৈজ্ঞানিক গবেষণার কাজের প্রসার এবং অন্য মানুষের জীবন বাঁচানোর লক্ষ্যে মরণোত্তর দেহদান, চক্ষুদান ও রক্তদানের মতো মানবিক উদ্যোগকে ছড়িয়ে দিতে বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হল নিউ আলিপুরে। রবিবার চিরন্তন প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে, হাওড়া জেনারেল হাসপাতাল এবং স্বেচ্ছাসেবী সংগঠন গণদর্পণের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়।
শিবিরে প্রায় ৪০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এর পাশাপাশি প্রায় ১৫ জন মানুষ মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছেন। সমাজের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে। চিরন্তন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পার্থ ভট্টাচার্য এই বিষয়ে বলেন, মানবকল্যাণে এগিয়ে আসার এই মানসিকতা ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে গড়ে তোলা অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের কাছে রক্তদান, চক্ষুদান ও দেহদানের মতো সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসার বিশেষ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এমন বেশ কয়েকজন মানুষকে সংবর্ধনা জানানো হয়, যাঁরা প্রচারের আলো থেকে দূরে থেকেও দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন। আয়োজকদের আশা, এই সমস্ত গুণী মানুষের কাজ নতুন প্রজন্ম ও অন্যদেরও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনুপ্রেরণা জোগাবে।
















