হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। সেইসঙ্গে আটক হলেন এক যাত্রী (Passenger)।  তাঁর ব্যাগ থেকে প্রায় ৬৭ লক্ষ টাকা উদ্ধার (Money Recover) হয়েছে বলে রেল সুরক্ষা বাহিনী (RPF) সূত্রে খবর। আটক ব্যক্তির নাম সুজিত কালে। তিনি মহারাষ্ট্রের (Maharashtra) সোলাপুরের বাসিন্দা। এত বিপুল পরিমাণ নগদ টাকা কেন সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, তার সন্তোষজনক ব্যাখ্যা বা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি বলে দাবি আরপিএফের।

আরও পড়ুন: ডেঙ্গি-সচেতনতা প্রচারে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা, ক্ষুব্ধ স্বাস্থ্যকর্মীরাই

 
রবিবার রাতে হাওড়া স্টেশনের (Howrah Railway Station) নিউ কমপ্লেক্সে নিয়মমাফিক টহল দিচ্ছিলেন আরপিএফের গোয়েন্দা বিভাগের কর্মীরা। সেই সময় তাঁদের নজরে পড়ে সুজিতের গতিবিধি। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর কথাবার্তায় সন্তুষ্ট না হওয়ায় ব্যাগে তল্লাশি চালান আরপিএফ কর্মীরা। সেখান থেকেই উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট। সব মিলিয়ে নগদের পরিমাণ প্রায় ৬৭ লক্ষ টাকা। আরপিএফ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে সুজিত জানিয়েছেন, তিনি মুম্বই মেলে চেপে হাওড়ায় এসেছিলেন। গয়ার টাউনশিপ এলাকায় তাঁর একটি দোকান রয়েছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, কলকাতার (Kolkata) বড়বাজার থেকে সোনা ও রুপো কেনার জন্যই ওই টাকা নিয়ে এসেছিলেন। তবে এত বিপুল পরিমাণ নগদের উৎস সম্পর্কে কোনও উপযুক্ত নথি বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি বলে জানিয়েছে আরপিএফ।


এর পরেই বিষয়টি আয়কর দফতরকে জানানো হয়। উদ্ধার হওয়া নগদ টাকা এবং আটক ব্যক্তিকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে আরপিএফ সূত্রে খবর। টাকা বৈধ কি না, কোথা থেকে এসেছে এবং কী কাজে তা ব্যবহার করার কথা ছিল তা তদন্তের পরেই সেই বিষয়গুলি স্পষ্ট হবে। হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও আরপিএফের তল্লাশিতে যাত্রীদের কাছ থেকে বড় অঙ্কের নগদ উদ্ধারের ঘটনা ঘটেছে। ফলে হাওড়া স্টেশনে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর।