ধর্মীয় সংগঠনের হুমকি ও ভয় দেখানোর কারণে বিয়ে পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন এক ভিন্ন ধর্মীয় যুগল (Interfaith Couple)। এ বার তাঁদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta high Court)। আদালত জানিয়েছে, ওই যুগল আইন মেনে নতুন করে বিয়ের প্রক্রিয়া শুরু করতে পারবেন।

বিয়ের (Marriage) আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে পুলিশকে (Police)। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। মামলাকারী যুগলের অভিযোগ, কয়েকটি ধর্মীয় মৌলবাদী সংগঠনের সদস্যদের হুমকি ও ভয় দেখানোর কারণে তাঁরা বিয়ে স্থগিত করতে বাধ্য হন। এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

আরও পড়ুন: সাধারণ মানুষের করের টাকায় পুজোর অনুদান! আদালতে দায়ের জনস্বার্থ মামলা

মামলার শুনানিতে আদালতকে জানানো হয়, নবদ্বীপ থানার আইসি (Nabadwip Police Station IC) সংশ্লিষ্ট এলাকার ম্যারেজ রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছেন। নতুন করে আইন মেনে বিয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি প্রস্তুত বলেও আদালতকে জানানো হয়। এর পরেই মামলাটির নিষ্পত্তি করে আদালত নির্দেশ দেয়, যুগল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে এগোলে পুলিশ প্রশাসনকে তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যাতে কোনও বাধা ছাড়াই তাঁরা বিয়ে করতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। আদালতের এই নির্দেশের ফলে আইন মেনে বিয়ের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেলেন ওই যুগল। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।