তৃতীয় লিঙ্গের নাগরিকরা রাজ্যে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় (WB Police Recruitment) যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করা হয় জনস্বার্থ মামলা। অভিযোগ, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য পৃথক কোনও জায়গা রাখা হয়নি। এই মামলায় এবার রাজ্যের কাছে হলকনামা চাইল আদালত। আগামী ২০ অগাস্টের (বৃহস্পতিবার) মধ্যে এই হলফনামা জমা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে।
মামলাকারি দাবি করেছেন যে রাজ্য পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে যা যা নিয়ম রয়েছে সেগুলো পুরুষ ও মহিলাদের জন্য প্রযোজ্য। তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য ভাবাই হয়নি।এই বিধিমালা ২০১৯ সালের তৃতীয় লিঙ্গ অধিকার সুরক্ষা আইন এবং ভারতীয় সংবিধানের ১৪, ১৫, ১৬ এবং ২১ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী, আদালতে জানিয়েছেন মামলাকারী।বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি ছিল।উভয়পক্ষের বক্তব্য শোনার পর হলফনামা জমা করার নির্দেশ দেয় আদালত।মামলাকারীর তরফে পাল্টা কোনও বক্তব্য থাকলে তা জানাতে হবে ২৭ অগাস্টের মধ্যে। আগামী সেপ্টেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
















