মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যা মামলায় আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। বৃহস্পতিবার জমা দেওয়া এই চার্জশিটে মোট ১১ জন অভিযুক্তের নাম রয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তালিকায় নাম রয়েছে দুই বিজেপি কর্মী ভাই— সাগর সোনকর ও সাহেব সোনকরের, যাঁদের সম্প্রতি গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজনৈতিক শত্রুতা না কি নেপথ্যে অন্য কোনও গভীর ষড়যন্ত্র ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই দুই ভাই ২০২০ সালে বিজেপিতে যোগ দেন। তার আগে তাঁরা অন্য একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ওই দলের এক বিধায়কের ঘনিষ্ঠ হিসেবে কাজ করতেন। অভিযোগ, চন্দ্রনাথকে সরিয়ে দেওয়ার জন্য উত্তরপ্রদেশ থেকে ভাড়াটে শুটার আনা এবং তাঁদের টাকার জোগান দেওয়ার পেছনে এই দুই ভাই মুখ্য ভূমিকা নিয়েছিলেন।
গোয়েন্দাদের দাবি, ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকেই এই খুনের ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছিল। একাধিক বার দিনক্ষণ পরিবর্তনের পর অবশেষে গত ৬ মে মধ্যমগ্রামে গুলি করে হত্যা করা হয় চন্দ্রনাথকে। তদন্তে নেমে সিবিআই এ পর্যন্ত ছয় জন শুটারকে গ্রেফতার করেছে। তাঁরা হলেন মনু সিংহ, রাজ সিংহ, গোলু সিংহ, ময়াঙ্ক রাজ মিশ্র, ভিকি মৌর্য এবং নবীন কুমার সিংহ। পাশাপাশি বিনয় রায়, সঞ্জয় রায় ও বিকাশ মিশ্র নামের তিন ‘মিডলম্যান’কেও জালে তুলেছেন গোয়েন্দারা, যাঁরা খুনের বিষদে পরিকল্পনা ও বরাত নেওয়ার দায়িত্বে ছিলেন। তবে মূল চক্রান্তের সঙ্গে যুক্ত আরও এক অভিযুক্ত এখনও পলাতক বলে সিবিআই জানিয়েছে।
















