বেসরকারি টিভি চ্যানেলের রিয়ালিটি শো ঘিরে রবিবার বর্ধমানে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটল। বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলে 'লাখ টাকায় লক্ষ্মীলাভ' গেম শো-র অডিশন হওয়ার কথা ছিল। সুন্দরবন, কুলতলি, মুর্শিদাবাদ, হাওড়া-সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন। শনিবার বিকেল থেকে লম্বা লাইন পড়ে যায়। রাস্তাতে রাত কাটাতে বাধ্য হন মহিলারা। এরপর রবিবার গেট খুলতেই এত বুড়ো বুড়ি পড়ে যায় যে চূড়ান্ত বিশৃঙ্খলায় ভিড়ের চাপে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো লাঠিচার্জ করতে হয় পূর্ব বর্ধমান জেলার পুলিশকে।

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে একাধিক রিয়ালিটি শো চলছে যেখানে সহজ কিছু খেলায় অংশ নিয়ে জিততে পারলে নগদ পুরস্কার মেলে। তারই মধ্যে অন্যতম হচ্ছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। বর্তমানে এই অনুষ্ঠানের সঞ্চালিকা বদল হয়েছে। যতদিন যাচ্ছে ততই এই গেম শোর জনপ্রিয়তা যথেষ্ট বেড়েছে। এই অনুষ্ঠানে অংশ নিতে গেলে জেলা ভিত্তিক অডিশনে জিততে হয়। সেইমতো বর্ধমান জেলায় অডিশন দিতে এসে সুন্দরবন, হাওড়া-সহ অন্যান্য জায়গার প্রতিযোগিরা জানতে পারেন যে উদ্যোক্তারা সঠিক তথ্য দেননি। অনেকে এখানে পৌঁছে জানতে পারেন যে রবিবার শুধুমাত্র বর্ধমান জেলার অডিশন হবে। ততক্ষণে ভিড় যথেষ্ট বেড়ে গিয়েছিল। এর পাশাপাশি মহিলাদের ন্যূনতম বসার জায়গা এবং পর্যাপ্ত শৌচালয় ছিল না বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় রবিবার বিকেল পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। তবে অডিশন শুরু হওয়ার আগে যথেষ্ট ধস্তাধস্তি শুরু হয়। প্রত্যেকেই ভেতরে ঢোকার চেষ্টা করলে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। স্কুল চত্বরে এত মহিলাকে নিয়ে কেন অডিশনের আয়োজন করা হয়েছে, সে প্রশ্ন করা হলে উদ্যোক্তারা এড়িয়ে যান।