‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম বদল। ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, ”যোগ্যরা সবাই সুবিধা পাবে এই প্রকল্পের। উপভোক্তাদের রং দেখব না, ধর্ম দেখব না।”
এদিন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানান, উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা আজই সকলের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। ১৮ লক্ষ মানুষ পাবেন ৬০ হাজার টাকা করে। বিগত সরকারের আমলে তৈরি ৩০ লক্ষ বাড়ির তালিকায় সাড়ে ১২ লক্ষই ‘অযোগ্য’ বলে অভিযোগ করেছেন দিলীপ।
বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী থাকাকালীন ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নামে আপত্তি তুলে কল্পের নাম রাখেন ‘বাংলার বাড়ি’। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ”এতদিন তৃণমূল সরকারের আপত্তি ছিল মোদিজির প্রকল্পের নাম নিয়ে। গোটা দেশে যে প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন দরিদ্র মানুষজন, সেটা এখানে চলত না এতদিন। আমাদের স্পষ্ট কথা, এখন থেকে গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও কাজ হবে। ‘বাংলার বাড়ি’ নামটা আমরা বদলে ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখছি। আজ দ্বিতীয় কিস্তি বাবদ ৬০ হাজার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি। তৃণমূলের জমানায় এই তালিকায় বহু ‘অযোগ্য’র নাম রয়েছে। সেসব চিহ্নিত করে বাদ দিয়ে আমরা দ্বিতীয় কিস্তির টাকা দিচ্ছি।”
একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁদের কথা হয়েছে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের (Dilip Ghosh) অনুরোধে আবাসের সমীক্ষার কাজ ১৫ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন এই প্রকল্পের ক্ষেত্রে কোনও বৈষম্য করা হবে না। তিনি সাফ জানান, ”যোগ্যরা সবাই সুবিধা পাবে এই প্রকল্পের। উপভোক্তাদের রং দেখব না, ধর্ম দেখব না।”
















