সর্বভারতীয় নিট-ইউজি পরীক্ষায় রাজ্যের কৃতীদের সংবর্ধনা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কৃতীদের সম্মানিত করার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার খোলস বদলে ফেলার একগুচ্ছ পরিকল্পনার কথা জানান তিনি। একই সঙ্গে এমবিবিএস পাশ করার পর চিকিৎসকরা যাতে ভিন রাজ্যে বা বিদেশে না গিয়ে বাংলাতেই চিকিৎসা পরিষেবা দেন, সে বিষয়ে তাঁদের উদ্বুদ্ধ করেন মুখ্যমন্ত্রী।
নবান্নের এই সংবর্ধনা সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ডাক্তার হওয়ার পর অনেকের মধ্যেই ভিন রাজ্য বা বিদেশে চলে যাওয়ার প্রবণতা দেখা যায়। তবে চিকিৎসকরা যাতে নিজের ইচ্ছাতেই রাজ্যবাসীকে পরিষেবা দেন, তার জন্য স্বাস্থ্যক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। দেশকে ভালোবাসার পাশাপাশি মাতৃভূমি বাংলাকেও ভালোবেসে কাজ করার আহ্বান জানান তিনি। শুধু শহরের বড় হাসপাতালেই নয়, গ্রামের সাধারণ মানুষকেও যেন চিকিৎসকরা সঠিক পরিষেবা দেন, সেই অঙ্গীকার করার কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের চিকিৎসাব্যবস্থাকে নতুন রূপ দিতে একাধিক মেগা প্রকল্পের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে ইতিমধ্যেই চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প। চিকিৎসা শিক্ষার মান বাড়াতে আসন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরে ৪টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হচ্ছে। কল্যাণীর ধাঁচে উত্তরবঙ্গেও একটি এইমস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি বিনিয়োগকেও উৎসাহিত করছে রাজ্য। নিউটাউনে আদানি গ্রুপের ২ হাজার বেডের নতুন হাসপাতালের কথা উল্লেখ করে তিনি জানান, সেখানে ১ হাজার বেড থাকবে দুস্থ মানুষদের জন্য। এ ছাড়া এসএসকেএম হাসপাতালের শয্যা সংখ্যাও বাড়ানো হবে।
গ্রাম ও শহরের হাসপাতালগুলিতে স্ক্যান, এমআরআই এবং আধুনিক ওটি পরিষেবার সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসকদের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয় নবান্নের তরফে। হাসপাতালে কর্মীসঙ্কটের কারণে চিকিৎসা পরিষেবায় যে সমস্যা তৈরি হয়, দ্রুত নিয়োগের মাধ্যমে তারও সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
















