ফের বিধানসভায় (Assembly) ‘সেবাশ্রয়’ (Sevashray) নিয়ে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তঁর অভিযোগ, সেবাশ্রয় শিবিরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে দোষীরা “একবার জেলে ঢুকলে আর বেরোতে পারবে না!” শনিবার বিধানসভায় দাঁড়িয়ে সবিস্তার নথি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “একটি বড় স্ক্যাম সামনে এসেছে। বিষ্ণুপুর থানায় ইতিমধ্যেই একাধিক এফআইআর হয়েছে।“
এদিন বিধানসভায় কিছু নথি ও ছবি দেখিয়ে শুভেন্দু অভিযোগ করেন, সেবাশ্রয় ক্যাম্পে ভুল চিকিৎসার জেরে একাধিক শিশু শারীরিক বিকলাঙ্গতার শিকার হয়েছে। এক মহিলা নিজের পা হারিয়েছেন। এর পাশাপাশি বিধায়ক দিলীপ মণ্ডলের গোডাউন থেকে ২০২১ সালে মেয়াদ ফুরিয়ে যাওয়া ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে বলেও অভিযোগ। মুখ্যমন্ত্রীর মতে, “এ তো একপ্রকার খুনের মামলা! সব প্রমাণ জোগাড় করা হয়েছে। বৃক্ষ তুমি কে? ফলেন পরিচয়!”
বিধানসভায় ডাঃ রাজীব বিশ্বাস নামে এক চিকিৎসকের একটি চিঠির প্রসঙ্গ তুলে শুভেন্দু যখন অভিযোগ করেন, তখন সেখানে উপস্থিত অভয়ার মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ উঠে দাঁড়িয়ে অভিযোগ করেন, সেই সময় রাজীব বিশ্বাস তাঁর বাড়ি গিয়ে কিছু অভিযোগ করেছিলেন। তাঁকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “চিন্তা করবেন না, আমরা ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছি এবং আরও নিচ্ছি। কেন্দ্রীয় সরকারের অ্যাটমিক এনার্জি বিভাগ ও স্বাস্থ্য দফতরে চিঠি দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার ও নন্দীগ্রামে যে সরকারি ডাক্তারদের জোর করে ডিউটি দেওয়া হয়েছিল, তার তদন্ত শুরু হয়েছে।”
মুখ্যমন্ত্রী জানান, ‘সেবাশ্রয়’-এ ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হওয়া সমস্ত মানুষের অভিযোগকে আলাদা আলাদা FIR হিসেবে গণ্য করা হয়েছে। সিআইডি (CID) ও এসটিএফ (STF)-কে যৌথভাবে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
















