লক্ষ্য শিল্পায়ন। বিনিয়োগ টানতে এবার বাণিজ্য নগরী যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলার দুর্গাপুজোর (Durga Pujo) মতোই প্রধান উৎসব গণেশ পুজো। তার পরেই মুম্বই গিয়ে রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও তাঁর পুত্র অনন্ত আম্বানির সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু। শুক্রবার, সল্টলেকে এক পোশাক বিপণীর অনুষ্ঠানে গিয়ে নিজেই জানালেন তিনি।

 এই সরকারের আমলে ৪ মাসের মধ্যেই রাজ্যে শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী জানান, ২৪ সেপ্টেম্বর আসছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি৷ এদিন সল্টলেকে যে পোশাক বিপণীর অনুষ্ঠানে গিয়েছিলেন, তারা কিছুদিনের মধ্যেই নিজেদের শাখার সংখ্যা ১১০ থেকে বাড়িয়ে ২৫০ করবে বলে জানান শুভেন্দু৷ ফলে আরও বাড়বে কর্মসংস্থান। আগামী তিন বছরে রাজ্যে এই গোষ্ঠী ৫০০০কোটি টাকা বিনিয়োগ করবে। মুখ্যমন্ত্রী জানান, "আগরওয়াল গোষ্ঠী পুরুলিয়ায় ১০০ জমি কিনেছে৷ মোট ১০০০ একর জমি কিনে সোলার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা রয়েছে ওই সংস্থার৷ আমি নিজে ভূমি পুজোয় যাব৷ আর শুধুমাত্র ছবি তোলার জন্য আমরা থাকব না৷ আমূলের আইসক্রিম তৈরির জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দুটি কারখানার জন্য জমি চিহ্নিত হয়ে গিয়েছে৷"

আগের আমলে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "সিন্ডিকেট- কাটমানির জন্য রাজ্যের নাম খারাপ হয়ে গিয়েছিল৷ আমরা শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলছি৷"