হিমবাহ ধস ও ভয়াবহ হড়পা বানে (Flash Flood) বিধ্বস্ত নেপালের বিপর্যয়ের পর এবার রাজ্যের উত্তর ভাগ ঘিরেও আশঙ্কার কালো মেঘ। পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আগামী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। সেখানেই পাহাড়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা রয়েছে। 

প্রতিবেশী রাষ্ট্র নেপালের (Nepal) ভোতেকোশি নদীর জলরোষে নিশ্চিহ্ন হয়ে গেছে ঘরবাড়ি, কাদামাটির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। এরই মাঝে সিঁদুরে মেঘ দেখছে উত্তরবঙ্গ। হিমবাহ গলা জল যেকোনও মুহূর্তে রাজ্যের উত্তরভাগকে ভাসিয়ে নিয়ে যেতে পারে! ঠিক সেই কারণেই উদ্বেগ বাড়ছে রাজ্য সরকারের (Govt of West Bengal)। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী (CM) উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সঙ্গে এই নিয়ে কথা বলতে চান। শনিবার নবান্নের (Nabanna) তরফে জানানো হয়েছে ৮ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু। উত্তরকন্যার পর কালিম্পং-এও যেতে পারেন তিনি।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন কাজের প্রয়োজনে, ঘুরে বেড়ানোর জন্য নয়। ইতিমধ্যে একাধিকবার পাহাড়ে গিয়ে নানা ধরনের প্রশাসনিক বৈঠকে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতির সম্পূর্ণ আলাদা। প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে উত্তরবঙ্গকে বাঁচাতে রাজ্য সরকারের তরফ থেকে কোন কোন বিশেষ পরিকল্পনা নেওয়া হয় এখন সেটাই দেখার। মুখ্যমন্ত্রীর সফরের কথা জানিয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন নবান্ন।