নতুন সরকারের ১০০তম দিনে রাজ্যকে শিল্পের উপহার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। রঘুনাথপুরে অমিত মেটালিকসের ইস্পাত কারখানার (Amit Metallics' steel plant in Raghunathpur) ভিত্তিপ্রস্তর স্থাপন করে শিল্পায়নের বার্তা দিলেন তিনি। তাঁর বক্তব্য, আগের সরকারগুলির আমলে রাজ্যে শিল্পের পরিবেশ তৈরি হয়নি। এখন সেই পরিস্থিতি বদলাতে চায় সরকার। শিল্পের উন্নয়ন ও বিনিয়োগকারীদের উৎসাহ দিতে রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন ৩৪ বছর ধরে বন্দুক দেখিয়ে জমি দখলের রাজনীতি মানুষ দেখেছেন। ১৫ বছর ধরে শিল্পের জন্য জমি দেওয়ার ক্ষেত্রে অনীহা ছিল সরকারের। সেই ‘তালা বন্ধের রাজনীতি’ থেকে বেরিয়ে রাজ্যে নতুন শিল্পের পরিবেশ গড়ে তোলাই এখন লক্ষ্য। ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে দ্রুত অনুমোদনের ব্যবস্থার কথাও তুলে ধরে তিনি জানান, বিনিয়োগকারীদের যাতে অযথা হয়রানির মুখে পড়তে না হয়, সে দিকে বিশেষ নজর রয়েছে সরকারের।
রঘুনাথপুরের এই প্রকল্পকে রাজ্যের শিল্প সম্ভাবনার নতুন দিশা হিসেবেই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, শুধু কারখানা তৈরি নয়, স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও শিল্প সংস্থাগুলির দায়িত্ব। নতুন বিনিয়োগে এলাকার যুবক-যুবতীদের কাজের সুযোগ নিশ্চিত করতে হবে। সরকারের ১০০ দিন পূর্তিতে শিল্প প্রকল্পের সূচনাকে তাই রাজ্যে কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই দেখানো হচ্ছে।
















