উত্তর ২৪ পরগনার হালিশহরে (Halisahar, North 24 Parganas) পুলিশ লকআপে মৃত্যু হয় তৃণমূলকর্মী বিরজু কেওটের। পুলিশের গাফিলতির কথা আগেই স্বীকার করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এবার এই ঘটনায় সিআইডি (CID) তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার (Govt of West Bengal)। গত ৮ অগাস্টের ঘটনায় ইতিমধ্যেই থানার আইসিকে ক্লোজ করা হয়েছে।
পুলিশ লকআপে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনার পর তাঁর পরিবারের সঙ্গে গত ১০ অগাস্ট দেখা করতে হালিশহরে গিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ওঠে। ভাইরাল হয় একাধিক ছবি ও ভিডিও। ঠিক তার পরের দিন শুভেন্দু হালিশহরে গিয়ে জানান, পুলিশি হেফাজতের মৃত্যুর ঘটনায় প্রোটকল মেনে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে। তদন্তের গতিপ্রকৃতি নিয়মিতভাবে মুখ্যমন্ত্রী এবং মৃতের পরিবারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও অবগত করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর্থিক সাহায্য করার পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন। এবার মৃত্যুর ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার।
















