মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম দক্ষিণ দিনাজপুর সফরে এসে জেলার সার্বিক পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ বড় প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বালুরঘাটে প্রস্তাবিত বিমানবন্দরের জমি পরিদর্শনের পর তিনি জানান, আগামী এক বছরের মধ্যেই বালুরঘাট বিমানবন্দর থেকে বিমান চলাচল শুরু হয়ে যাবে। একই সঙ্গে জেলায় একটি নতুন মেডিক্যাল কলেজ স্থাপন এবং স্থানীয় বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন সম্প্রসারণ-সহ মোট তিনটি বড় উপহারের কথা ঘোষণা করেন তিনি।
বুধবার সকালে বালুরঘাটের প্রস্তাবিত বিমানবন্দরের জমি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রাথমিক ভাবে এই বিমানবন্দর থেকে ১৯ আসনের ছোট বিমান ওঠানামা করবে। পরবর্তী পর্যায়ে পরিকাঠামো বাড়িয়ে ৭২ আসনের বড় উড়ান পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। বিমানবন্দরের পাশাপাশি উচ্চশিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও বড় পদক্ষেপের কথা জানান তিনি। বালুরঘাটের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে মাত্র তিনটি বিষয়ে পঠনপাঠন চলছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, জন্মাষ্টমীর আগেই সেখানে আরও সাতটি বিষয়ে পড়াশোনার সরকারি অনুমোদন মিলবে।
জেলায় উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে ৩৪৪ কোটি টাকা ব্যয়ে বালুরঘাটে একটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির রূপরেখাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। প্রস্তাবিত মেডিক্যাল কলেজের নির্ধারিত জমিও এ দিন তিনি ঘুরে দেখেন। শুভেন্দুবাবু জানান, মোট ব্যয়ের মধ্যে শীঘ্রই প্রথম কিস্তির ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে এবং কালীপুজোর আগেই প্রকল্পের শিলান্যাস বা ভূমিপুজো সম্পন্ন হবে, যেখানে তিনি নিজেও উপস্থিত থাকবেন। এর পাশাপাশি স্থানীয় একটি নার্সিং স্কুলকে নার্সিং কলেজে উন্নীত করার কথাও ঘোষণা করেন তিনি।
এ ছাড়া জেলার যোগাযোগ ও জরুরি পরিষেবা নিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১০ অক্টোবরের মধ্যে বালুরঘাটের সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ শেষ করতে হবে এবং এলাকায় একটি নতুন দমকল কেন্দ্র তৈরি করা হবে। রাজনৈতিক আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, গত কয়েকটি নির্বাচনে এই জেলার মানুষ বিজেপিকে সমর্থন করায় পূর্বতন সরকার দক্ষিণ দিনাজপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র চার মাসের মধ্যেই সেই বঞ্চনা দূর করে জেলাবাসীকে এই উন্নয়নমূলক উপহার দেওয়া হল বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
















