অগাস্ট মাস ভারতবাসীর কাছে ঠিক যতটা আনন্দের ততটাই বেদনাদায়ক স্মৃতিতে পরিপূর্ণ। বিপ্লবের মাসে একদিকে স্বাধীনতা লাভের আনন্দ অন্যদিকে শত সহস্র সংগ্রামীর আত্মত্যাগের ইতিহাস। ভারতের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের ৯ আগস্ট দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন (Quit India Movement) হয়েছিল এই দিনেই। আজ সেই আন্দোলনের চুরাশিতম বর্ষপূর্তিতে স্বাধীনতার সংগ্রামী ও বিপ্লবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের বীরত্বকে কুর্নিশ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

রবিবার সমাজমাধ্যম পোস্টে (এক্স হ্যান্ডেল) রাজ্যের প্রশাসনিক প্রধান লেখেন, 'আজ আমরা ১৯৪২ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের ৮৪-তম বার্ষিকী পালন করছি। পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার সূর্যোদয় ঘটাতে সমগ্র জাতি এক বলিষ্ঠ কণ্ঠে ধ্বনি তুলেছিল সেই মন্ত্র—'করেঙ্গে ইয়া মরেঙ্গে'। সেই সংগ্রামে দেশের হাজার হাজার বীর সন্তান আত্মত্যাগ করেছিলেন। তাঁদের একমাত্র লক্ষ্য ছিল যেন ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীন ভারতে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে। ৯ অগাস্টের এই তাৎপর্যপূর্ণ দিনে, আমি সেই সকল সাহসী স্বাধীনতা সংগ্রামীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাঁদের অতুলনীয় বীরত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগই আজকের এই স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, যা আমরা পরম শ্রদ্ধায় লালন করি।'