ক্ষমতায় আসার পরই দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতি নিয়ে শুভেন্দু অধিকারীর (CM Suvendi Adhikary ) সরকার। সম্প্রতি পশ্চিম বর্ধমানের একটি চেক পোস্টে বৈধ কাগজপত্র থাকা সত্বেও এক ট্রাকচালকের কাছে ঘুষ চাওয়া ও গাড়ি আটকে হেনস্থা করার অভিযোগে উঠে। ঘটনায় মূল অভিযুক্ত কর্তব্যরত দুই মোটর ভেহিকল ইনস্পেক্টর (এমভিআই)-কে সাসপেন্ড করা হয়েছে। শুক্রবার সকালে এই ইস্যুতে সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendi Adhikary )।

 

সোশ্যাল মিডিয়ায় শুক্রবার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘কেউ আইনের ঊর্ধ্বে নন। কোনওভাবেই তোলাবাজি ও দুর্নীতি সহ্য করা হবে না এবং আমরা প্রশাসনিক ব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে দুর্নীতিমুক্ত করব।  দুর্নীতি  নির্মূল করার ব্যাপারে দৃঢ় ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’’

এর পাশাপাশি শুভেন্দু অধিকারী আরও লেখেন, বিষয়টি পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)-এর কাছে পাঠানো হয়েছে।অন্যায়ভাবে আটক করা যানবাহন দ্রুত মুক্ত করা এবং পরিবহণ ব্যবসায়ীদের হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

প্রশাসনের সকল স্তরের উদ্দেশে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা; দুর্নীতি, তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণের সঙ্গে জড়িত কোনও ব্যক্তি আইনের ঊর্ধ্বে নন। দোষী প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।