রাজ্যে পালাবদলের পরই বিজেপি সরকার শিল্পায়নে জোর দিয়েছে।একাধিক নতুন কারখানার ভিত্তিপ্রস্থর স্থাপন হয়েছে বা ভূমিপুজো হয়েছে।  শুক্রবার বাঁকুড়া সফরে  একটি স্টিল কারখানার সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

বাঁকুড়া জেলার মেজিয়া শিল্পাঞ্চলে শ্যাম স্টিলের ম্যানুফ্যাকচারিং ইউনিটে প্রায় আড়াই হাজার মানুষের কর্মসংস্থান আগেই হয়েছে। সেই কারখানার সম্প্রসারণ  আনুষ্ঠানিকভাবে হতে চলেছে শুক্রবার। মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।

বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর সংস্থাটি নতুন করে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছিল। সম্প্রসারণের মাধ্যমে কারখানার উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ১ মিলিয়ন টন থেকে ৭ মিলিয়ন টনে উৎপাদন হবে। এর জ্য অতিরিক্ত ৫০০ একর জমি প্রয়োজন।  

 

বাঁকুড়ার শালতোড়া বিধানসভা এলাকার জমি সব বৃষ্টিনির্ভর ও একফসলী। সেখানেই কোম্পানি সূত্রে খবর, কোম্পানির ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্টকে আরও বৃহৎ ও অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে পরিণত করার লক্ষ্যেই এই সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।প্রকল্পের হাত ধরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে এলাকার পরিযায়ী শ্রমিকরা ফিরে আসবেন বলে আশাবাদী স্থানীয় বিধায়ক চন্দনা বাউড়ি।

এরআগে ডানকুনিতে একটি বেসরকারি সংস্থার কারখানার সম্প্রসারণ করেছিলেন শুভেন্দু অধিকারী।