মঙ্গলবার হঠাৎই প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ দিন বেলা সওয়া দুটো নাগাদ প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে নিয়ে তিনি প্রেসিডেন্সি জেলে পৌঁছন। কারাগারের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ খতিয়ে দেখার পাশাপাশি বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়টি সরেজমিনে পর্যালোচনা করেন তিনি।
সংশোধনাগারে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমেই যান ঐতিহাসিক প্রেক্ষাপটযুক্ত ঋষি অরবিন্দর সেলে। সেখানে ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং সেলটি ঘুরে দেখেন। এর পর বিভিন্ন ওয়ার্ড ঘুরে বন্দিদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের থাকা-খাওয়া ও দৈনন্দিন নানা বিষয় নিয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি জেলের কর্মশালাগুলিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী, যেখানে সাজাপ্রাপ্ত বন্দিরা পোশাক তৈরির মতো বিভিন্ন বৃত্তিমূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। জেল চত্বরে অবস্থিত মন্দিরে পুজোও দেন তিনি।
মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনকে ঘিরে প্রশাসনিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে এই সংশোধনাগারের অন্দরে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছিল, তার প্রেক্ষিতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, কয়েক দিন আগেই আমেরিকান সেন্টারে হামলার মূল চক্রী তথা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপরাধী আফতাব আনসারির ১৪ নম্বর সেলে আচমকা তল্লাশি চালিয়ে একাধিক দামি স্মার্টফোন, ইন্টারনেট রাউটার, ওটিজি কেবল এবং ৩১ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছিল। উচ্চনিরাপত্তা সেলে কী ভাবে এই ধরনের নিষিদ্ধ বৈদ্যুতিন সরঞ্জাম পৌঁছল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্তে নেমেছে হেস্টিংস থানা এবং পুলিশের গোয়েন্দা শাখা।
















