বারুইপুরে নাবালিকা ধর্ষণ- খুনের ঘটনার (Baruipur Rape Murder Case) মূল অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ, এবার নির্যাতিতার পরিবারের দাবি মেনে সূর্যপুরে তৈরি হচ্ছে নতুন পুলিশ ফাঁড়ি। শনিবার উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার মৃতার পরিবারের তরফ থেকে পুলিশ আউটপোস্ট তৈরির অনুরোধ করা হয়েছিল রাজ্যের প্রশাসনিক প্রধানকে, মাত্র চার দিনের মধ্যেই পদক্ষেপ করা হল।
মুখ্যমন্ত্রীর সফরের আগে শুক্রবার পুলিশ ফাঁড়ির কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখেন আইজি। পাশাপাশি গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের (Indrajit Mondal) বাড়ির চত্বরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কর্মসূচির কথা মাথায় অন্যান্য জেলা থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে। সূত্রের খবর, ১১ জুলাই সূর্যপুরে মুখ্যমন্ত্রীর ৪৫ মিনিটের কর্মসূচি রয়েছে। তিনি সকাল সাড়ে ১১টা নাগাদ প্রথমে নির্যাতিতার বাড়ি যাবেন। সেখান থেকে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলবেন। মিনিট ১৫ সেখানে থাকার পর চলে যাবেন স্থায়ী পুলিশ ফাঁড়ি উদ্বোধন করতে। দুপুরের মধ্যেই কলকাতায় ফিরবেন শুভেন্দু।
















