বর্ষার নিম্নচাপে বৃষ্টির দুর্যোগ রাজ্যজুড়ে। বুধবার থেকে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিঘার পর বিঘা জমি প্লাবিত। এই পরিস্থিতিতে আজ আরামবাগ ও সবং পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখার পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গিয়েছে। গত কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে কোথায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে , এই মুহূর্তে নদীর জলস্তরের কী পরিস্থিতি এবং দুর্গতদের কাছে সঠিকভাবে ত্রাণসহ অন্যান্য পরিষেবা পৌঁছেছে কিনা জলস্তর পরিস্থিতি কী এবং দুর্গতদের কাছে ত্রাণ ও অন্যান্য সরকারি পরিষেবা ঠিকমতো পৌঁছচ্ছে কিনা তা নিয়েও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 

একটানা বৃষ্টিতে আরামবাগ মহকুমার একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। বন্যা পরিস্থিতি সামলাতে বুধবারের মন্ত্রিসভার বৈঠক থেকেই মন্ত্রী ও বিধায়কদের জন্য কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গত এলাকায় জনপ্রতিনিধিদের রাত থেকেই পৌঁছে গিয়ে সেখানেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজ সরাসরি নজরদারি করার পাশাপাশি বিপন্ন মানুষের পাশে থেকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু বৈঠক বা নির্দেশ নয়, মাঠে নেমে পরিস্থিতি মোকাবিলাতেই জোর দিচ্ছে সরকার।